বৈদ্যুতিক বাতির কাচ পাতলা হয় যে কারণে


সবসময় পাতলা হয় বৈদ্যুতিক বাতির কাচ। কিন্তু কেন? সহজে যাতে না ভেঙে যায়। মনে হয় এ বুঝি উল্টো যুক্তি। কিন্তু বিজ্ঞানীরা যখন কোনও সিদ্ধান্ত নেন তখন সেটা জেনে বুঝেই নেন। দুই যুগ আগেও দেশের অধিকাংশ গ্রামে বিদ্যুৎ ছিল না। তখন গ্রামে শুধু হ্যারিকেন আর কেরোসিন ল্যাম্পই ছিল। তবে কেরোসিন ল্যাম্পের তুলনায় হ্যারিকেন ছিল অনেক অনেক বেশি। সেই হ্যারিকেনের কাচ খুব পাতলা হতো। সাধারণত এমন পাতলা কাচ সমান্য আঘাতেই ভেঙে যায়। তাই গ্রামের লোকজন পুরু-মোটা কাচের সন্ধান করতেন। কিন্তু বেশির ভাগ কোম্পানির কাচই পাতলা। এ সময় কিছু কোম্পানি সাধারণ মানুষের মনস্তত্ত্ব বুঝে পুরু কাচ উৎপাদন শুরু করে। কিন্তু বেশি দিন টিকল না সে ব্যবসা। একবার যারা পুরু কাচ ব্যবহার করেছেন তারা দ্বিতীয়বার সেটা কিনতে চাইতেন না। কারণ পুরু কাচ বেশি আগে ফেটে বা ভেঙে যায়। আসলে এখানেই বিজ্ঞানের আসল খেলা।
কাচ বিদ্যুৎ কুপরিবাহী। অর্থাৎ ভালোভাবে তাপ পরিবহন করতে পারে না। একটা বিষয় হয়তো আমাদের সবার জানা, তাপ প্রয়োগ করলে যেকোনো বস্তুর আয়তন বা দৈর্ঘ্য বৃদ্ধি পায়। লোহা বা টিন তাপ সু-পরিবাহী। তাই পুরু লোহা বা টিনের পাতে তাপ প্রয়োগ করলে তা দ্রুত সেই পাতের প্রত্যেকটা পৃষ্ঠে, প্রত্যেকটা অঞ্চলে তাপ পৌঁছে যায়।
তাছাড়া লোহা কাচের মতো অত ঠুনকো নয়। তাপ পরিবহন একটু দেরিতে হলেও ফেটে যাওয়ার ভয় থাকে না। কিন্তু কাচ তাপ অপরিবাহী। হ্যারিকেন বা বৈদ্যুতিক বাতির ভেতরের পৃষ্ঠে সাধারণত আলো জ্বলে এবং তাপ উৎপন্ন হয়। পুরু কাচের এক পৃষ্ঠে তাপ দিলে সাথে সাথে অন্য পৃষ্ঠে সেই তাপ পৌঁছতে পারে না। তাই কাচের ভেতরের পৃষ্ঠটা তাপের সংস্পর্শে এসে প্রসারিত হয়। কিন্তু বাইরের পৃষ্ঠে তখনও তাপ পৌঁছতে পারে না বলে সেদিকটা ঠাণ্ডা থাকে। ফলে কাচের বাইরের পৃষ্ঠটা প্রসারিত না হয়ে আগের অবস্থায় থাকে। ওদিকে ভেতরের পৃষ্ঠ যত প্রসারিত হয় সে বাইরের পৃষ্ঠকেও সেই হারে প্রসারিত করতে চায়। আর উল্টো ঘটনা ঘটে বাইরের পৃষ্ঠে, সে ভেতরের পৃষ্ঠের প্রসারণে বাধা দেয়। সুতরাং কাচের ভেতর ও বাইরে দ্বন্দ্ব বলের সৃষ্টি হয়। পরস্পরকে প্রচন্ড বলে চাপ প্রয়োগ করে বলে কাচে ফাটল ধরে।
অন্যদিকে কাচ পাতলা হলে সে ভয় আর থাকে না। খুব সহজেই পাতলা কাচের উভয় পৃষ্ঠ একসাথে উতপ্ত হয় এবং একসাথে প্রসারিত হয়। সুতরাং পাতলা কাচ তাপের কারণে ফেটে যাওয়ার ভয় থাকে না। হ্যারিকেন বা বৈদ্যুতিক কাচে আঘাত লেগে ভাঙার চেয়ে উতপ্ত হয়ে ভাঙার ভয় সবচেয়ে বেশি থাকে। তাই এ সমস্যা এড়াতে সব ধরনের বাতির কাচ পাতলা করা হয়।

Share this

Related Posts

Previous
Next Post »