শীতের এই মৌসুমে হালের ফ্যাশনে যোগ হয়েছে বিভিন্ন রঙের পোশাক। আধুনিক, মার্জিত ও আভিজাত্যের সঙ্গে নিজের স্টাইল আর রুচি প্রকাশে সেসব পোশাক দারুন উপযোগী। তরুণদের এই চাহিদার কথা মাথায় রেখে শীতের অন্যতম পোশাক ব্লেজারে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ব্লেজারের কাপড়, কাটছাঁট, বোতাম, রঙে লেগেছে বৈচিত্র্যের ছোঁয়া। তরুণরাও সেগুলো লুফে নিচ্ছে যত্নের সঙ্গে।
জমকালো কোনো অনুষ্ঠান বা পার্টি গেটআপেও ব্লেজারের রাজত্ব বরাবরই। ব্লেজারের মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ক্যাজুয়াল ব্লেজারগুলোতে। ব্লেজারের রং ও নকশা যতই সুন্দর হোক না কেন তার ফিটিং ঠিকঠাক না হলে মোটেও ভালো দেখাবে না। কাঁধের কাছে ঝুলে থাকলে এবং মাপে বেশি ঢিলেঢালা হলে চলবে না। বাজার ঘুরে দেখা যায় এসব ক্যাজুয়াল ব্লেজার অর্থাৎ স্টাইলিশ শর্ট বডি ফিটিং ব্লেজারের চাহিদাই বেশি।
বর্তমানে একটু খাটো ঝুলের ব্লেজারের চল। কোমর পর্যন্ত লম্বা ব্লেজারই এখন তরুণরা বেশি পছন্দ করছেন। নিচের দিকে রাউন্ড প্যাটার্ন, এক বোতাম, দুই বোতাম ও চার বোতাম, সব ধরনের ব্লেজারই মিলবে বাজারে। তবে ক্রেতাদের কাছে এক বোতাম এবং বোতাম ছাড়া ব্লেজারের চাহিদাই এবার বেশি। শীত যেহেতু এখন জেঁকে বসেছে তাই গ্যাবার্ডিন, কর্ড এবং সুতির কাপড়ের তুলনায় উল ও চামড়ার ব্লেজারই আরামদায়ক হবে
