আবারও বছরের শীর্ষ গেইমের সিংহাসন দখল করে নিয়েছে ফার্স্ট পারসন শুটিং গেইম ‘কল অফ ডিউটি: ব্ল্যাক অপস ৩’। গেইমটির প্রকাশক অ্যাক্টিভিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কল অফ ডিউটি ফ্র্যাঞ্চাইজের গেইমগুলোর ২৫ কোটি কপি বিক্রি হয়েছে বিশ্বব্যাপী।
অ্যাক্টিভিশন জানিয়েছে, ২০১৫ সালে বাজারে আসা সবগুলো গেইমের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ‘কল অফ ডিউটি: ব্ল্যাক অপস ৩’। মুনাফার হিসাবেও সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বীর থেকে অনেক এগিয়ে আছে গেইমটি।
‘ব্ল্যাক অপস ৩’-এর পিএস৪, এক্সবক্স ওয়ান, এক্সবক্স ৩৬০, পিসএস৩ এবং পিসি সংস্করণ বাজারে আছে ২০১৫ সালের ৬ নভেম্বর। এরপর দুই মাসেরও কম সময়ে বছরের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গেইমের সিংহস্থান দখল করে নিয়েছে গেইমটি।
“এই অর্জনের জন্য সবচেয়ে বড় কৃতিত্বের দাবিদার আমাদের ডেভেলপমেন্ট টিম। আর আমাদের কল অফ ডিউটি কমিউনিটির ভালোবাসা ছাড়া এর কিছুই সম্ভব হত না।”—মন্তব্য করেছেন অ্যাক্টিভিশন প্রেসিডেন্ট এবং কল অফ ডিউটি ফ্র্যাঞ্চাইজের জেনারেল ম্যানেজার রব কসটিচ। নির্মাতা প্রতিষ্ঠান ট্রাইআর্ককে নতুন অর্জনের জন্য অভিনন্দনও জানান তিনি।
ডিসেম্বর মাসে অ্যামাজনে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গেইমগুলোর একটি ছিল ব্ল্যাক অপস ৩। এরপরেই ছিল ‘ফলআউট ৪’ এবং ‘স্টার ওয়ার্স ব্যাটলফ্রন্ট’। গেইমস্পটের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের বাজারেও শক্ত অবস্থানে আছে গেইমটি।
