নতুন লোগো আনতে যাচ্ছে ইনস্টাগ্রাম


শুরুতে ফটো নির্ভর অ্যাপ ইনস্টাগ্রাম এবার তাদের পরিচয় বদলাতে চাচ্ছে। তারই ধারাবাহিকতায় নতুন লোগো আনতে যাচ্ছে ইনস্টাগ্রাম। উল্লেখ ফেইসবুক মালিকানাধীন একমাত্র ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম। 

প্রতিষ্ঠানটি বলে, 'আপনার গল্পে কীভাবে স্পন্দনশীল এবং বৈচিত্র‌্যময় পরিণতির প্রতিফলন হয়েছে' তা বোঝানোর জন্যই নতুন ‘আইকন’ ডিজাইন করা হয়েছে। পূর্ববর্তী অ্যাপ আইকন থেকে অনুপ্রাণিত হয়ে, নতুন আইকনে একটি সাধারণ ক্যামেরা এবং ‘গ্রেডিয়েন্ট’ আকারে রংধনুর প্রতিরূপ দেওয়া হয়েছে।

বর্তমানে ইনস্টাগ্রাম-এ প্রতিদিন ৮ কোটির বেশি ছবি এবং ভিডিও শেয়ার করা হয়। আর ২০১৪ সালে টুইটারকে ছাড়িয়ে যাওয়া ইনস্টাগ্রাম-এর বর্তমান ব্যবহারকারী ৪০ কোটি বলে জানায় বিবিসি।

প্রতিষ্ঠানটি বলে, "যখন ইন্সটাগ্রাম চালু হয়, তখন প্রাথমিকভাবে এটা ছবি এডিট এবং শেয়ার করার একটি স্থান ছিল। কিন্তু পাঁচ বছর পরে এটা বিশ্বব্যাপী মানুষদের ছবি এবং ভিডিও শেয়ার করার একটি 'কমিউনিটি'। 

ব্যবহারকারীরা লক্ষ্য করে থাকবেন, এর পরিচিত নীল ‘ব্যাকড্রপ’ পরিবর্তন হয়ে সাদা হয়ে যাবে। সহজ এই ডিজাইনটি অ্যাপটি চালানোর উপায় না বদলে ব্যবহারকারীর ছবি এবং ভিডিওর উপর 'বেশি ফোকাস' করবে।

নতুন ডিজাইনটির কাজ এক বছর আগে শুরু হয়েছিল বলে জানিয়েছে ইনস্টাগ্রাম। প্রতিষ্ঠানটি বলে, "আমরা এমন একটি ভঙ্গি দিতে চেয়েছিলাম যেটা সমাজের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ অভিব্যক্তির প্রতিনিধিত্ব করবে।”

একটি ব্লগে ইনস্টাগ্রামের ডিজাইনাররা দাবী করেছেন, এই নতুন চেহারা শুধু নতুনত্বের স্বার্থে নয়। প্রথমে তাদের লোগোটি সমাজকে প্রতিফলিত করেনি। তারা চাইলে 'এর চেয়ে ভালো' করতে পারতেন।

হোয়াটসঅ্যাপে ভিডিও কল



গত ফেব্রুয়ারিতে হোয়াটসঅ্যাপে বিশ্বজুড়ে ১০০ কোটিরও বেশি ব্যবহারকারী ছিল। ক্রমবৃদ্ধিমান ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে ভিডিও কলের স্বাদ নিতে ভিডিও কল সুবিধা চালু করতে যাচ্ছে অ্যাপটি।


অডিও কল ও ইনস্ট্যান্ট মেসেজিংয়ের জন্য জনপ্রিয় অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ বিভিন্ন নতুন নতুন ফিচার নিয়ে কাজ করছে। এর আগে হোয়াটসঅ্যাপে যোগ হয়েছিল গ্রুপ কলিংয়ের সুবিধা।

এরপর শোনা গিয়েছিল কল ব্লক, ভয়েস মেইল ও জিপ ফাইল শেয়ারিংয়ের সুবিধা যোগ হতে পারে হোয়াটসঅ্যাপে। তবে সেগুলো যোগ না হলেও একেবারে নতুন আরেকটি খবর পাওয়া গেছে। হোয়াটসঅ্যাপে যোগ হতে যাচ্ছে ভিডিও কলিং সুবিধা। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যানড্রয়েড পুলিশ।
ওয়েবসাইটটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আইওএস অপারেটিং সিস্টেমে এই ফিচারটির পরীক্ষামূলক সংস্করণ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। অল্পকিছু ডিভাইসে এই সুবিধাটি পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে কি না আর করলেও কবে নাগাদ করা হবে, সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
হোয়াটসঅ্যাপের মালিকানা বর্তমানে ফেসবুকের হাতে রয়েছে। ফেসবুক প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ করছে। ফেসবুক মেসেঞ্জারে এরই মধ্যে যোগ করা হয়েছে ভিডিও কল। এ ছাড়া স্কাইপ, ইমো-এর মতো অ্যাপ্লিকেশনগুলোতেও রয়েছে ভিডিও কলিংয়ের সুবিধা। তবে হোয়াটসঅ্যাপ চেষ্টা করছে ধীরগতির ইন্টারনেট সংযোগ ব্যবহারকারীরাও যেন নির্বিঘ্নে ভিডিও কলিংয়ের সুবিধা পেতে পারে। 
২০১০ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করেছিল হোয়াটসঅ্যাপ। চার বছর পর ২০১৪ সালে এক হাজার ৯০০ কোটি (১৯ বিলিয়ন) মার্কিন ডলারের বিনিময়ে হোয়াটসঅ্যাপ কিনে নেন ফেসবুকের মার্ক জাকারবার্গ। এখন ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবেই কাজ করছে হোয়াটসঅ্যাপ।