ডিমের খোসার ভিন্নধর্মী ব্যবহার


আমরা অনেকেই ডিমের খোসা ফেলে দেই। কিন্তু ডিমের খোসার রয়েছে অসাধারণ কিছু ব্যবহার? মাটির উর্বরতা বৃদ্ধি করার সাথে সাথে ত্বকের যত্নেও ব্যবহার করা যেতে পারে ডিমের খোসা। কি, অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। জেনে নিন ডিমের খোসার ভিন্ন কিছু ব্যবহার।

#মাটির উর্বরতা বৃদ্ধি
ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং মিনারেল রয়েছে যা আপনার বাগানের উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করবে। ডিমের খোসা গুঁড়ো করে নিন এবার এটি মাটিতে ব্যবহার করুন।

# দ্রুত জয়েন্টের ব্যথা উপশম করতে
একটি পাত্রে অ্যাপল সাইডার ভিনেগার এবং একটি ডিমের খোসা ভেঙ্গে গুঁড়ো করে নিন। এবার এটি রেখে দিন যতদিন পর্যন্ত না ডিমের খোসাগুলো ভিনেগারের সাথে মিশে না যায়। মোটামুটি ২ দিন রেখে দিলে ডিমের খোসাগুলো ভিনেগারের সাথে মিশে যাবে। ডিমের খোসায় কোলাজেন, গ্লুকোসামিন, হায়ালুরোনিক অ্যাসিড থাকে যা ভিনেগারের সাথে মিশে ব্যথা উপশম করে দেয়। ব্যথার স্থানে এই মিশ্রণটি ম্যাসাজ করে লাগান।

#বাসন-পত্র পরিষ্কার করতে
অনেকসময় খাবার রান্না করতে গিয়ে হাঁড়ি পাতিলের নিচে লেগে যায়। এই পোড়া দাগ দূর করতে ডিমের খোসা সাহায্য করবে। ডিশ ওয়াশারের সাথে ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে নিন। এবার এটি হাঁড়ি পাতিল পরিষ্কার করার কাজে ব্যবহার করুন, দেখবেন পোড়া দাগ খুব সহজে দূর হয়ে গেছে।

# কফি মিষ্টি করতে
কফির তেতো স্বাদের কারণে অনেকেই এটি খেতে চান না। এই তেতো স্বাদ দূর করার জন্য কিছু পরিমাণে ডিমের খোসা গুঁড়ো করে কফির সাথে মিশিয়ে দিন। ডিমের খোসা কফির নিচে পড়ে থাকবে আর কফির তেতো স্বাদ দূর করে দিবে।

#পোকামাকড় এবং বালাই দূরে রাখতে
আপনার প্রিয় বাগানকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে ডিমের খোসা! বাগানে চারপাশে ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিন। এমনকি গাছের গোড়ায় ডিমের খোসা গুঁড়ো করে দিয়ে রাখতে পারেন। এতে আপনার গাছ পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবে।

# ময়লা জমে যাওয়া ড্রেন পরিস্কার করতে
অনেকসময় রান্নাঘরের সিঙ্ক এ ময়লা জমে বন্ধ হয়ে যায়। এই সমস্যা করে সমাধান করে দিবে ডিমের খোসা। ডিমের খোসা মিহি গুঁড়ো করে জমা ড্রেনের মধ্যে দিয়ে দিন। তারপর বেশি করে পানি ঢেলে দিন। দেখবেন ড্রেন পরিষ্কার হয়ে গেছে।


ওয়াইফাই সেবার আওতায় আসছে ট্রেন


রেলপথ মন্ত্রণালয় ভবিষ্যতে চলন্ত ট্রেনে ওয়াইফাই সেবা চালু করার চিন্তা-ভাবনা করছে। বৃহস্পতিবার রেল ভবনে ওয়াইফাই চালুর অনুষ্ঠানে রেলসচিব ফিরোজ সালাহউদ্দিন এ পরিকল্পনার কথা জানিয়েছেন। 

তিনি সাংবাদিকদের বলেন, ‘রেলভবনে ওয়াইফাই সেবা চালু করার পাশাপাশি ইতিমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ রেল স্টেশনেও ওয়াইফাই চালু করা হয়েছে। এর ফলে যাত্রীরা এখনই এই সুবিধা পাচ্ছেন।’ তিনি বলেন, ‘ভবিষ্যতে রেলের ভেতরেও আমরা ওয়াইফাই সেবা দেওয়ার বিষয়ে চিন্তা করছি। আশা করছি সব যাত্রীকে ওয়াইফাই সেবা দিতে পারব।’ পাশাপাশি রেল মন্ত্রণালয়ে এর মধ্যে সীমিত আকারে ‘ই-ফাইলিং ব্যবস্থা’ বা ‘কাগজবিহীন’ ব্যবস্থা চালু করা হয়েছে জানিয়ে রেল সচিব বলেন, ‘ছুটি বা অন্যান্য বিষয় এখন আর ফাইলে আসে না, খুব দ্রুত এসব কাজ হয়ে যাচ্ছে।’ রেল ভবনে আনুষ্ঠানিকভাবে ওয়াইফাই সেবা উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। 

বর্তমানে রেলওয়ের মিটারগেজে চলার উপযোগী একহাজার ১৬৫টি যাত্রীবাহী কোচ রয়েছে। ব্রডগেজে চলার জন্য রেলওয়ের ৩২৪টি কোচ রয়েছে। এ বছর মোট ২৭০টি নতুন কোচ রেলবহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে ১২০টি আসবে ভারত থেকে। এডিবির অর্থায়নে ইন্দোনেশিয়া থেকে বাকি ১৫০টি কোচ কেনা হবে। 

কফির যতো স্বাস্থ্যকারি উপকারিতা


সব পানীয়ের মধ্যে কফি একটি জনপ্রিয় পানীয়। সারাবিশ্বের কোটি কোটি মানুষ কফি পান করেন। পানীয়ের মধ্যে চায়ের পরেই কফির স্থান। সকালে এক কাপ কফি আপনার শরীরকে রাখে চনমনে রাখে। কফির রয়েছে অনেক গুণাগুণ। মানবদেহের জন্য কফি উপকারী।
ব্রুকলিন কলেজে এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন চার কাপ কফি হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয় শতকরা ৫৩ ভাগ। নিয়মিত কফি পান করলে লিভার ক্যান্সারের ঝুঁকি কমে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের স্মৃতিভ্রংশ রোগ দেখা দেয়। এ রোগের কারণে মানুষ কোনো কিছু মনে রাখতে পারে না। নিয়মিত কফি পান এই রোগের ঝুঁকি শতকরা ৬০ ভাগ হ্রাস করে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায় স্মৃতিশক্তি বাড়াতে কফি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিষন্নতা রোধেও কফি কার্যকর। নিয়মিত কফি পান করলে বিষন্নতার ঝুঁকি শতকার ২০ ভাগ কমে যায়। প্রোস্টেট ক্যান্সারে প্রতিবছর সারাবিশ্বে হাজার হাজার মানুষ মারা যায়।
প্রতিদিন ৩-৬ কাপ কফি পান করলে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি শতকরা ৬০ ভাগ হ্রাস পায়। ডায়াবেটিস রোধেও কফি কার্যকর। কফি বিপাক ক্রিয়া বাড়ায় এবং চর্বি কমাতে সাহায্য করে। তাই নিয়মিত কফি পান করুন এবং সুস্থ থাকুন।

টেলিভিশনের বিকল্প লেনোভোর ট্যাবলেট


কয়েক বছর ধরেই প্রযুক্তি জগতে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘটেছে। প্রযুক্তি পণ্য ব্যবহারকারীরা তাঁদের রুচি বদলে ফেলছেন, বিশেষ করে তরুণরা। টেলিভিশন থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছেন তাঁরা। হাতে তুলে নিচ্ছেন মোবাইল বা ট্যাবলেট।
আবার অনেকে আর আগের মতো টিভিসেট পরিবর্তন করেন না। টিভির প্রতি মানুষের এই অনীহাই যেন ট্যাব নির্মাতাদের আরো আগ্রহী করে তুলেছে নতুন নতুন ডিজাইনের ট্যাব তৈরিতে। কারণ, টিভির দর্শক এখন নেটফ্লিক্স বা ইউটিউবের মতো ভিডিও স্ট্রিমিং সাইটেই বেশি সময় কাটান।

আর সে কারণেই ট্যাবগুলোকে তৈরি করা হচ্ছে টিভির বিকল্প হিসেবে। এবার লেনোভো নিয়ে এসেছে তাদের নতুন ট্যাব ইয়োগা ট্যাব-৩ প্রো। এ খবর জানিয়েছে বিশ্বখ্যাত সাময়িকী টাইমস।
১০ ইঞ্চি স্ক্রিনের এই ট্যাবলেট থাকলে আপনি আর টিভির প্রয়োজন বোধ করবেন না। কারণ, এই ট্যাবে রয়েছে ৫০-লুমেন প্রজেক্টর। ৭০ ইঞ্চি পর্দা বা দেয়ালে এটি ছবি দেখাতে পারবে! এই ট্যাব চলবে অ্যানড্রয়েড ৫ দশমিক ১ অপারেটিং সিস্টেমে।
লেনোভো ইয়োগা-৩ প্রো ট্যাবলেটটিতে রয়েছে ১০ ইঞ্চি কিউএইচডি আইপিএস ডিসপ্লে। এতে রয়েছে ৩২ জিবির ইন্টারনাল স্টোরেজ। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে তা বাড়িয়ে নেওয়া যাবে ১২৮ জিবি পর্যন্ত।
ট্যাবটিতে রয়েছে ২ জিবি র‍্যাম। এর মূলশক্তি এর শক্তিশালী ব্যাটারি। ১০ হাজার ২০০ এমএএইচ-এর ব্যাটারি একে বাজারের আর সব ট্যাবলেট থেকে এগিয়ে রাখবে।   
লেনোভো ইয়োগা-৩ প্রো ট্যাবলেটের দাম শুরু হয়েছে ৪৭৫ মার্কিন ডলার দিয়ে।

১৫ মার্চ কী কী আনছে অ্যাপল?



এ বছরে অ্যাপলের প্রথম ইভেন্ট অনুষ্ঠিত হবে আগামী ১৫ মার্চ। এ নিয়ে এরই মধ্যে তোরজোড় শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত যেসব গুজব শোনা যাচ্ছে তাতে এটা নিশ্চিত যে, একাধিক নতুন পণ্যের ঘোষণা আসবে অ্যাপলের তরফ থেকে।
ভারতীয় সংবাদ চ্যানেল এনডিটিভির অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪ ইঞ্চি স্ক্রিনের আইফোন ৫এসই, আইপ্যাড এয়ার ৩ এবং নতুন অ্যাপল ওয়াচ উন্মুক্ত করা হতে পারে অ্যাপলের ইভেন্টে।
অ্যাপলের বিভিন্ন খবর আগে থেকে ফাঁস করার কৃতিত্ব রয়েছে ‘৯টু৫ ম্যাক’ ওয়েবসাইটের। তাদের খবরে বলা হয়েছে, ৪ ইঞ্চি স্ক্রিনের নতুন আইফোন নিয়ে এরই মধ্যে ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
আইফোন ৫এসই এবং আইপ্যাড এয়ার৩ একই অনুষ্ঠানে উন্মুক্ত করা হবে। আইপ্যাড এয়ার২-এর উত্তরসূরী হিসেবে আসছে এয়ার৩।
 ৯টু৫ ম্যাকের খবরে বলা হয়েছে, আইফোন ৫এসই-এর হার্ডওয়্যার ও ডিজাইন হবে আইফোন ৬এসের মতোই। এতে থাকবে এ৯ এসওসি এবং এম৯ কোপ্রসেসর। এ ছাড়া এই স্মার্টফোনটিতে থাকবে অলওয়েজ-অন সিরি ফিচার।  
১৬ ও ৬৪ জিবির দুটি আলাদা স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে আইফোন ৫এসই। এতে থাকবে ৮ মেগাপিক্সেলের আইসাইট রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফেস টাইম ফ্রন্ট ক্যামেরা।
আইপ্যাড এয়ার৩-এ থাকবে ফোরকে ডিসপ্লে সমৃদ্ধ থ্রিডি টাচ। এতে থাকতে পারে ফোর স্পিকার সেটআপ এবং স্মার্ট কানেক্টর।
এ ছাড়া নতুন অ্যাপল ওয়াচ উন্মুক্ত করা হতে পারে একই ইভেন্টে। তবে নতুন অ্যাপল ওয়াচে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসবে না বলেই ধারণা করা হচ্ছে।
এ বছরের সেপ্টেম্বরে আইফোন৭ সাথে অ্যাপল ওয়াচ২ বাজারে ছাড়া হতে পারে। তখন অ্যাপল ওয়াচে বেশকিছু উন্নয়ন করা হতে পারে।